বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে দুর্ভোগ
ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী রোড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টানা আট-নয় বছর ধরে বর্ষা মৌসুমে বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর ও প্রায় ৭৫ শতাংশ কৃষিজমি পানির নিচে তলিয়ে থাকে।
দীর্ঘদিন ধরে জমিতে পানি জমে থাকায় কৃষিকাজ বন্ধ রয়েছে, যার ফলে চরম আর্থিক সংকটে পড়েছে কৃষিনির্ভর পরিবারগুলো। এ ছাড়া জলাবদ্ধতার প্রভাব পড়েছে স্থানীয় ব্র্যাক তুলাতুলি প্রাথমিক বিদ্যালয় ও একটি নুরানী মাদ্রাসার ওপর। হাঁটুপানি ভেঙে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান ও উপস্থিতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একইসঙ্গে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় দূষিত পানিতে দৈনন্দিন কাজ করতে গিয়ে ছড়াচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ।
ব্র্যাক স্কুলের শিক্ষিকা তানিয়া আক্তার বলেন, জলাবদ্ধতার কারণে নিয়মিত অনেক শিক্ষার্থী স্কুলে আসতে পারছে না। শিক্ষকদেরও পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইন বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ক্লাসে আসতে পারছে না। অনেকে পানিতে ভিজে মাদ্রাসায় আসে এবং পরে ক্লাস না করেই বাড়ি ফিরে যায়। এতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিকে দুর্ভোগগ্রস্ত ২৫-৩০টি পরিবারের পক্ষ থেকে দ্রুত ও স্থায়ী পানি নিষ্কাশনের দাবি জানিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ বলেন, লিখিত অভিযোগটি পাওয়া গেছে এবং দ্রুত পানি অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইসরাফিল নাঈম, ভোলা (লালমোহন-চরফ্যাশন)