অবৈধভাবে বালু উত্তোলন করায় ট্রাকচালকের কারাদণ্ড
বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ট্রাকচালক বেলাল উদ্দিনকে (২৭) ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালুসহ একটি ট্রাক ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত বেলাল উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওলার ঝিরি এলাকায় মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহায়তায় সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযান চলাকালীন বালু বোঝাই ট্রাকসহ চালক বেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করার অপরাধে অভিযুক্তকে এই সাজা প্রদান করা হয়েছে।

আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)