ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থী শ্যামলের নির্বাচনি সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌড়াইল গ্রামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতি বা অনিয়মের আশ্রয় নেব না। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। বিগত সরকারের আমলে খালেদা জিয়ার ওপর আপস করার জন্য অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তিনি জনগণের ভোটের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করেননি।
এতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক খান রতন। জেলা বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার মো. ফারুক মিয়ার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমাসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনি সভা শেষে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল দক্ষিণ মৌড়াইল ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া