হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু
এক মাস ২২ দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানির অনুমতি দেয় সরকার। ফলে আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে চাল আমদানি শুরু হয়েছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম আর বাঁধন জানান, গত ৩০ নভেম্বর থেকে চাল আমদানি বন্ধ ছিল। সরকার আবারও চাল আমদানির সিদ্ধান্ত নেওয়ায় আজ দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারকরা চাল আমদানি করছেন। আমদানি করা চালের চালান দ্রুততার সঙ্গে সম্পন্ন করে ছাড় করানো হচ্ছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের মাধ্যমে মোট ৩২ আমদানিকারক ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি (আইপি) পেয়েছেন। তিন দিন আগে তারা কৃষি অধিদপ্তরের খামারবাড়ী থেকে এই অনুমতি পেয়েছেন। ফলে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করা হয়েছে।
এদিকে আমদানিকারকরা জানান, ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল থাকবে। ফলে ভোক্তারা কমদামে চাল কিনতে পারবে।

জাহিদুল ইসলাম, হিলি