চাঁদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে সমঝোতা প্রক্রিয়া শেষ হয়েছে। এরেই অংশ হিসেবে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচন করবেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। দিনভর জোটের এই দুদলের নাটকীয়তার শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
মনোনয়নপত্র প্রত্যাহারের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, কেন্দ্রীয় সিন্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
জোটের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেবেন কি না, এমন প্রশ্নে আনিসুর রহমান কাসেমী বলেন, আল্লাহ যদি আমার শরীর ভালো রাখে অবশ্যই অংশগ্রহণ করব।
আলোচিত এ আসনে নির্বাচনি লড়াইয়ে আছেন বিএনপি মনোনীত হ্যাভিওয়েট প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনসহ বিভিন্ন দলের প্রার্থী।

জাবেদ হোসাইন, চাঁদপুর (হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তি)