শেরপুরে ৩ প্রার্থীকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি, জামায়াত ও একজন স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা, জামায়াত মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।
জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ ও জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকজ নোটিশ সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণার সময় শুরুর আগেই প্রার্থীরা বিধি লঙ্ঘন করেছেন। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় জঙ্গলদি বাজারে এক কর্মীসমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা ঘোষণা করেন যে, ‘ধানের শীষে ভোট না দিলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন না’। তার এই বক্তব্যকে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক পেজে দলীয় প্রতীকসহ পোস্টার ব্যবহার করে প্রচার চালাচ্ছেন এবং বিভিন্ন জনসমাবেশে উস্কানিমূলক বক্তব্য প্রদান করছেন।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতীকসহ পোস্টার শেয়ার করে ভোট প্রার্থনা করছেন এবং পথসভার মাধ্যমে আগাম প্রচারণা চালাচ্ছেন।
তদন্ত কমিটির মতে, এই কর্মকাণ্ডগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর স্পষ্ট লঙ্ঘন।
শেরপুর-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই তিন প্রার্থীর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সশরীরে হাজির হয়ে তাদের লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

কাকন রেজা, শেরপুর