বরকত উল্লাহ বুলুর সম্পদ সাড়ে ৫ কোটি টাকার
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ইতোমধ্যে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। হলফনামায় তিনি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদের মালিক রয়েছেন মর্মে উল্লেখ করেছেন। এ ছাড়া বছরে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন প্রায় ২৮ লাখ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, বিএসসি পাস করা বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলুর পেশা ব্যবসা ও কৃষি। তিনি বছরে আয় করেন ২৭ লাখ ৭৫ হাজার টাকা। বরকত উল্লাহ বুলুর পাঁচ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ২৯৪ টাকার ব্যক্তিগত সম্পদ রয়েছে। এরমধ্যে পাঁচ কোটি ১১ লাখ ৯৪ হাজার ৮৮৪ টাকার অস্থাবর এবং ৩৪ লাখ ৫৮ হাজার ৪১০ টাকার (৬৫৮ দশমিক ৯২ শতাংশ কৃষি জমি) স্থাবর সম্পদ আছে।
বুলু হলফনামায় উল্লেখ করেছেন, তার হাতে নগদ টাকা রয়েছে চার কোটি ৮৫ লাখ ৪৩ হাজার ৫৯৪ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৩৮ হাজার ৪৩৫ টাকা। বরকত উল্লাহ বুলু বছরে কৃষিখাত থেকে আয় করেছেন দুই লাখ ৮০ হাজার টাকা এবং ব্যবসা থেকে আয় করেছেন আট লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া মৎস্য খাত থেকে আয় দেখিয়েছেন পাঁচ লাখ টাকা এবং অপ্রদর্শিত আয় ১১ লাখ ৫ হাজার টাকা।
বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে ২৯টি মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে মোট ৮৬টি মামলা ছিল।

নিজস্ব প্রতিবেদক