কারাগারে মারা গেলেন সংগীতশিল্পী প্রলয় চাকি
বিশিষ্ট সংগীতশিল্পী এবং পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) প্রলয় চাকির জীবনাবসান ঘটেছে। আজ রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রলয় চাকি জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষ্মী দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলার বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে পাবনা জেলা কারাগারে ছিলেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে প্রলয় চাকি জেলা কারাগারে স্ট্রোকে আক্রান্ত হন। শুক্রবার তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আজ মারা যান তিনি।
প্রলয় চাকির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক পরিমণ্ডলসহ তার পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মাঝে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তাঁর স্বজনরা জানিয়েছেন। তাঁর জীবনাবসানের খবর শুনে রাতেই তার বাড়িতে শোকাহত পরিবারের পাশে ছুটে যান শুভানুধ্যায়ীরা। মরদেহ পাবনাতে পৌছানোর পরে তার শেষকৃত্যর সময় সবাইকে জানানো হবে বলেও জানান পরিবারের সদস্যরা।

এ বি এম ফজলুর রহমান, পাবনা