জামায়াত প্রার্থী আব্দুল মোবিনের মনোনয়ন বৈধ
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল মোবিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশনের আপিল শুনানির সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়।
এর আগে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ডা. আব্দুল মোবিন নির্বাচন কমিশনে আপিল করেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তার আবেদন ও নথিপত্র পর্যালোচনা শেষে কমিশন তা মঞ্জুর করে মনোনয়নপত্রটি বৈধ বলে রায় দেয়।
মনোনয়ন ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডা. আব্দুল মোবিন বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার পেয়েছি। এখন শান্তিপূর্ণভাবে নির্বাচনি মাঠে থেকে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবো। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের প্রচারণায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে কয়েকজন প্রার্থী আপিল করলে কমিশন শুনানি শেষে ধারাবাহিকভাবে সিদ্ধান্ত জানাচ্ছে। জামায়াত প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় এই আসনের নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

শরীফুল ইসলাম, চাঁদপুর