সিরাজগঞ্জে এনটিভি প্রতিনিধির বাড়িতে পেট্রোল বোমা হামলা
এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে তাঁর নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর বাড়ির সামনে আসে এবং দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) অবগত করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ