রাতভর শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে ইনকিলাব মঞ্চের শত শত সদস্য ও সাধারণ মানুষ শাহবাগে অবস্থান নেন। সন্ধ্যা ৬টার দিকে সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাতভর এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের পেইজে জানানো হয়, ‘রাতভর আমাদের অবস্থান কর্মসূচি করবে।’
এর আগে জুমার নামাজ শেষে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এর ফলে শাহবাগ মোড় দিয়ে চলাচলকারী সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে ল্যাবএইড, মৎস্য ভবন ও বাংলামটর অভিমুখে থাকা রাস্তাগুলোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এদিন সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
শরিফ ওসমান হাদি ছিলেন একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে পরিচিতি পান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজস্ব প্রতিবেদক