নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনজুর এলাহী
নরসিংদী-৩ (শিবপুর) আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন লাভ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
বুধবার (২৪ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনজুর এলাহীর হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়। মনজুর এলাহী নিজেই এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ প্রতিক্ষার পর নরসিংদী-৩ (শিবপুর) আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐকবদ্ধ ভাবে কাজ করার কথা বলছেন নেতাকর্মীরা।
মনজুর এলাহী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার প্রতি আস্থা রেখে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী-৩ আসনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। সব জনগণকে ঐক্যবদ্ধ করে আমি এই আসন তারেক রহমানকে উপহার দেব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে। পরে আরও ৩৬টি আসনে প্রার্থী দেওয়া হলেও ফাঁকা ছিল নরসিংদী-৩। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন দলের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া।
বুধবার (২৪ ডিসেম্বর) নরসিংদী-৩ আসনসহ দুটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। যার ফলে অপেক্ষার প্রহর ও সব জল্পনা-কল্পনার অবসান ঘটে।

ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)