কৃত্রিম পা সংযোজন : অসহায় শিক্ষার্থী বাইজিদের পাশে তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সরাসরি উদ্যোগে বগুড়ার অসহায় শিক্ষার্থী মো. বাইজিদ হোসেনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে বাইজিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
২০২৪ সালে বগুড়ার মেধাবী ছাত্র বাইজিদ হোসেন এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। জীবন বাঁচাতে চিকিৎসকরা তার ডান পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে বাইজিদের আবেদনের প্রেক্ষিতে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারই পরামর্শ ও সহযোগিতায় বাইজিদকে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়, যার মাধ্যমে তিনি আবার স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন।
সাক্ষাৎকারে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বাইজিদের কৃত্রিম পা সংযোজন পরবর্তী শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফসহ আরও অনেকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত বাইজিদ ও তার পরিবার তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক