হাদির মৃত্যুতে বরিশালে মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা এলাকায় এই অবরোধ চলে।
এতে রাজধানী ঢাকার সাথে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরসহ সমগ্র দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধস্থলের দুদিকে আটকা পড়ে শত শত যানবাহন। এসময় ওসমান হাদির হত্যাকারীদের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। রাত পৌনে ১২টা পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার পর কর্মসূচি শেষ হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সড়ক অবরোধ তুলে নিয়ে মহাসড়ক ত্যাগ করেছে বিক্ষোভকারীরা।

আকতার ফারুক শাহিন, বরিশাল