কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুড়িগ্রাম জেলার রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শাহবাব মন্ডল (২) ও আবু তোহা মন্ডল (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শাহবাব মন্ডল যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রামের শাহজাহান মন্ডলের ছেলে ও আবু তোহা মন্ডল একই গ্রামের আবু তালেবের ছেলে। সম্পর্কেও তারা মামা-ভাগ্নে।
যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী ও রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, সকালে দুই শিশু তালেব মন্ডলের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজির সময় তাদের পুকুরে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি শাহনেওয়াজ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)