চান্দিনায় ভোটকেন্দ্রে ৫ যুবক আটক
কুমিল্লার চান্দিনা উপজেলার দুটি ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে কেন্দ্রে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাঁচ যুবককে আটক করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
চান্দিনার জোয়াগ ইউনিয়নে কৈলাইন (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়াগ নোয়াগাঁও দাখিল মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যান ও সাধারণ সদস্যপদ প্রার্থী নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে।
অন্যদিকে সুহিলপুর ইউনিয়নে পিপুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুধু সাধারণ সদস্যপদ প্রার্থী নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
দুপুর পর্যন্ত কোনো কেন্দ্রেই অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে জোয়াগ নোয়াগাঁও দাখিল মাদ্রাসা কেন্দ্রে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের।
এ ছাড়া কৈলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ করায় পাঁচ যুকককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

কাজী রাশেদ, চান্দিনা