মাদারীপুরে চার দোকানে ডাকাতি
মাদারীপুরের সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালীতলা বাজারে চার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বাজারের একটি স্বর্ণের দোকানসহ দুটি মুদি দোকান ও একটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দোকানমালিকদের দাবি, ডাকাতির ঘটনায় তাদের নগদ অর্থ ও মালামালসহ ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, ‘ছিলারচর ইউনিয়নের আসন্ন নির্বাচন নিয়ে এলাকায় নানা রকম সমস্যা লেগেই রয়েছে। তাই রাত ৮টার পর দোকান খোলা রাখা সম্ভব হয় না। আর ডাকাতদল এই সুযোগ ব্যবহার করে ডাকাতি করেছে।’
তবে ছিলারচর ইউনিয়নের আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পান্নু শেখ ডাকাতির কথা অস্বীকার করে জানান, ‘কালীতলা বাজারে সামান্য চুরি হয়েছে। এতে অল্প কিছু টাকার ক্ষতি হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।’

এম. আর. মুর্তজা, মাদারীপুর