অর্থ আত্মসাৎ মামলায় হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর গ্রেপ্তার
১৬ কোটি টাকা আত্মসাতের দায়ে করা মামলায় কুমিল্লায় জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এক অডিটরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে অডিটর আবদুল বারেককে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নূরুল হুদা জানান, ২০০৫ সাল থেকে ২০১১ পর্যন্ত আবদুল বারেক ব্রাহ্মণবাড়িয়ায় হিসাবরক্ষণ অফিসে অডিটর হিসেবে কর্মরত ছিলেন। এ সময়ের মধ্যে প্রায় তিন হাজার ব্যক্তির পেনশনের ১৬ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। এসব অভিযোগে গত বছরের ১২ অক্টোবর ২২ জনকে আসামি করে দুদকে একটি মামলা হয়। এর আগে এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুরে কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে অডিটর আবদুল বারেককে গ্রেপ্তারের মাধ্যমে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল তিন।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তাকে কুমিল্লা কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান নূরুল হুদা। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার আবদুল বারেককে আদালতে সোপর্দ করা হবে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা