মাঠে থাকবে ৮০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (নিক)। এ তিন সিটি করপোরেশনে সব মিলিয়ে ৮০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নিক সচিব মো. সিরাজুল ইসলাম। শনিবার দুপুরে নিক সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশে বজায় রাখতে আমরা মোটামুটি হিসাব করে দেখেছি আনসার, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব, কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মিলে প্রায় ৮০ হাজারের মতো বিভিন্ন বাহিনীর নিরাপত্তাকর্মী নির্বাচনে নিয়োজিত থাকবেন। এ ছাড়া ক্যান্টনমেন্টে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। রিটার্নিং কর্মকর্তা যখনই মনে করবেন, তখনই সেনাবাহিনী চলে আসবে।’
নিক সচিব আরো বলেন, ‘তিন সিটি নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সকল লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন। আমাদের নির্বাচনী মালামাল প্রস্তুত করা হয়েছে এবং চট্টগ্রামের মালামাল গতকাল পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ ঢাকার দুই সিটির নির্বাচনী মালামাল দেওয়া হবে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে।’
সিরাজুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। প্রতি সাধারণ কেন্দ্রে ২২ জন করে নিরাপত্তাকর্মী ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে যথাক্রমে ১০ ও ১২ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী থাকবেন। এর বাইরে প্রতি ওয়ার্ডে একটি করে পুলিশের মোবাইল টিম নিয়োজিত থাকবে। এ ছাড়া তিন সিটিতে প্রায় ১০০ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে।’

হুমায়ুন কবীর