বুধবার থেকে ২ বিভাগে অতি ভারি বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল বুধবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এই টানা ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক