ভুরুঙ্গামারী কলেজ জাতীয়করণে আনন্দ শোভাযাত্রা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ চত্বর থেকে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিরাজ, উপজেলা চেয়ারম্যান নুরুনবী চৌধুরী খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এ টি এম শাহজাহান মানিক প্রমুখ।
বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখার জন্য ভুরুঙ্গামারী কলেজকে জাতীয়করণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
এ সময় জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করে শপথ নেন শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম