আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল শনিবার (২৫ জুলাই) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এ কারণে ২৭ জুলাই (সোমবার) কুমিল্লা শহর ও আশপাশের এলাকায়, ২৮ জুলাই (মঙ্গলবার) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও আশপাশের এলাকায় এবং ২৯ জুলাই (বুধবার) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চাঁদিনা ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক