বান্দরবানে আ.লীগের সড়ক-নৌপথ অবরোধ চলছে
বান্দরবান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মংপ্রু মারমাকে (৩৯) অপহরণের প্রতিবাদে দলটির ডাকে জেলায় অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
আজ বুধবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা মংপ্রুকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বলে অভিযোগ এনেছে আওয়ামী লীগ।
অবরোধ উপলক্ষে সকাল থেকেই জেলা আওয়ামী লীগসহ অন্য সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরের ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ড এবং বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কের সূয়ালকসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছ-সাইনবোর্ড ফেলে রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে পিকেটিং করছেন।
অবরোধের কারণে বান্দরবানের সাত উপজেলায় সব ধরনের যানবাহন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে রমজান মাস চলায় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানকে অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।

এদিকে অবরোধের কারণে বান্দরবান বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকাগুলোতে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী জানান, আওয়ামী লীগ নেতা মংপ্রু মারমাকে সুস্থ শরীরে জীবিত অবস্থায় ফিরে না পাওয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করবেন তাঁরা।
গত সোমবার রাতে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মংপ্রু মারমাকে (৩৯) অস্ত্রের মুখে অপহরণ করে একদল সন্ত্রাসী। এই অপহরণের প্রতিবাদে গতকাল মঙ্গলবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান