কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার ৪ জনের মরদেহ দেশে আসছে আজ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ আজ শনিবার (২২ আগস্ট) দেশে পৌঁছাবে। মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়াগত জটিলতার কারণে শুক্রবার মরদেহ আনা সম্ভব না হলেও রাতে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
শনিবার সকাল ১০টার পর কলকাতায় থাকা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর মরদেহবাহী গাড়ি কলকাতা থেকে রওনা হয়ে দুপুরে বেনাপোল সীমান্তে পৌঁছাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে সন্ধ্যায় কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার বাসায় মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ গ্রহণের জন্য কুষ্টিয়া প্রেসক্লাবের নেতারা ইতোমধ্যে বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
কলকাতা ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, ‘আজকের পত্রিকা’ ও ‘চ্যানেল নাইন’র কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, শিশু সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়েই দেশে আনা হচ্ছে। একই ঘটনায় নিহত সাভারের আহমেদ বাবুর মরদেহও একইভাবে হস্তান্তর করা হবে। পরিবার সূত্রে জানা যায়, চার সদস্যের শেষকৃত্য আলাদা দুই ধর্মীয় রীতিতে সম্পন্ন হবে; দেবাশীষ ও তার শিশুপুত্রের সৎকার এবং স্ত্রী ও শ্বশুরের দাফন অনুষ্ঠিত হবে।
গত ৩ আগস্ট অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যান দেবাশীষ দত্ত। গত মঙ্গলবার দিনগত রাতে কলকাতার ওই আবাসিক হোটেলে আগুনে দেবাশীষসহ তার পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া