মানিকগঞ্জে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল আলী।
ভোট কারচুপি, কেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ এনে আজ শনিবার ভোটগ্রহণ শুরুর আড়াই ঘণ্টা পর তিনি বার্তা এলাকার নিজ বাড়িতে লিখিতভাবে সাংবাদিকদের কাছে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মো. আবদুল আলী সাংবাদিকদের জানান, ভোটগ্রহণ শুরুর পর পরই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম ও তাঁর লোকজন নয়টি ওয়ার্ডের সব কেন্দ্রেই ভোট কারচুপি এবং কেন্দ্র দখল করে নেন।এ সময় সব কেন্দ্র থেকেই ধানের শীষের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। বিষয়টি প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তিনি এই নির্বাচন বর্জন করেছেন। আর ভোট বর্জনের ঘোষণার পর পরই তাঁর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করেছেন। এতে বাড়ির নারীরাসহ পাঁচ সদস্য আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এ জেলার ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। কোথাও কোনো কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়নি। তবে, ওই প্রার্থীর বাড়িতে হামলার খবর পেয়ে ম্যাজিস্টেট ও স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে গেছে।
তারপরও যদি কোনো প্রার্থী নির্বাচন বর্জন করে থাকেন, তাহলে এটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, চতুর্থ দফায় আজ সকাল থেকেই মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। ওই ধল্লা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র তিন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ