কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা, গ্রীনলাইনের চালক আহত
কুমিল্লার চান্দিনা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় গ্রীনলাইন পরিবহনের একটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় গ্রীনলাইন পরিবহনের বাসের চালক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার নূরীতলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত বাসচালক বিল্লালকে কুমিল্লা ইস্টার্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রীনলাইন বাসের সুপারভাইজার মাহবুব এনটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী বাসটি গতকাল দিবাগত রাতে চান্দিনার নূরীতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক চাপলে ভ্যানের পেছনে বাসটির ধাক্কা লাগে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে এবং চালক আহত হয়েছেন।

কাজী রাশেদ, চান্দিনা