মুন্সীগঞ্জে অস্ত্র মামলার আসামিকে সাত বছর সাজা
মুন্সীগঞ্জে রকি বেপারী নামের অস্ত্র মামলার আসামিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুন্যাল আদালত। মঙ্গলবার বিকেল ৫টায় স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ রায় দেন।
আসামি রকি বেপারীর (১৯) বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ যশলদিয়া গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রকি বেপারী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের সাহায্যে লৌহজং উপজেলার মাওয়াঘাটে আধিপত্য বিস্তার করে নানা অপকর্ম করে আসছিল। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি অস্ত্রসহ রকি ও তাঁর সহযোগী এক কিশোর পুলিশের হাতে ধরা পড়েন। দীর্ঘ শুনানি শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আসামি রকিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী স ম হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুল মতিন।
এ মামলায় পিস্তলসহ গ্রেপ্তার হওয়া অপর আসামি কিশোর হওয়ায় তার মামলা কিশোর আদালতে বিচারাধীন রয়েছে।
এর আগে গত সোমবার মুন্সীগঞ্জের একই আদালত অস্ত্র মামলায় একজনকে ১৭ বছর কারাদণ্ডাদেশ দেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ