ফেনসিডিল রাখার অভিযোগে একজনের যাবজ্জীবন
৪০৩ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে দারুসসালাম থানার মামলায় ইসমাইল হোসেন ওরফে সেলিম নামে এক মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি মামলার বাদী র্যাব-৪ এর কর্পোরাল মো. আব্দুল আলী সঙ্গীয় ফোর্সসহ মিরপুর দারুস সালাম থানা এলাকায় বিশেষ অভিযানের সময় সময় গাবতলী বাস টার্মিনালে অবস্থান করাকালীন গোপন সূত্রে সংবাদ পায় যে, দারুস সালাম টাওয়ারের নীচে একটি ট্যাক্সিক্যাবের মধ্যে ফেন্সিডিল নিয়ে বিক্রেতারা অপেক্ষা করছে। সংবাদ পাওয়ার পর বাদী র্যাব-৪ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। কর্তৃপক্ষের নির্দেশক্রমে বাদী সংগীয় অফিসার ও ফোর্সসহ দারুস সালাম টাওয়ারের উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর দারুস সালাম ষ্ট্যান্ডে একটি ট্যাক্সিক্যাব দেখতে পায়। ওই ট্যাক্সিক্যাবের মধ্যে দুইজন লোক ছিল। এ সময় ট্যাক্সিক্যাবের মধ্যে কাগজের কার্টন এবং তিনটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পেয়ে বাদীর সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে। তখন ওই দুই লোক ট্যাক্সিক্যাব হতে বের হওয়ার চেষ্টা করে। তখন বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ট্যাক্সিক্যাবের ভিতরে থাকা লোক দুইজনকে ধরে ফেলে।
এরপর আসামিদের ট্যাক্সি ক্যাব তল্লশি করে দুটি কার্টন ও তিনটি ব্যাগের মধ্যে রাখা ৪০৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই মেহেদী হাসান আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালত প্রতিবেদক