লাউয়ের পাতা ছেঁড়ায় বৃদ্ধা মা, বোন ও ভাগ্নেকে পিটুনি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাগুড়াইল গ্রামে বৃদ্ধা মা, বাকপ্রতিবন্ধী বোন ও কিশোর ভাগ্নেকে বেদম পিটিয়েছে এক ব্যক্তি। আজ সোমবার দুপুরে ভর্তা খেতে লাউয়ের পাতা ছেঁড়ার অপরাধে লাকড়ি দিয়ে তাঁদের পেটানো হয়। গুরুতর অবস্থায় তিনজনকে উথলীতে অবস্থিত শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মাগুরাইল গ্রামের মৃত নায়েব আলী খলিফার স্ত্রী সরবজান বেগম (৭৫), মেয়ে বাকপ্রতিবন্ধী আলিমন বেগম (৪০) ও নাতি আলম খলিফা (১৭)।
এ ঘটনায় হামলাকারী ছেলে কিতাব আলী খলিফাকে (৫০) আসামি করে শিবালয় থানায় মামলা করেছেন মা সরবজান বেগম।
চিকিৎসাধীন আলম খলিফা জানায়, ছোট বেলায় বাবা নবী খলিফা ছেড়ে চলে যাওয়ায় নানী ও প্রতিবন্ধী মাকে সঙ্গে নিয়ে মামার বাড়ি থাকে সে। একই বাড়িতে থাকলেও সে নির্মাণ শ্রমিকের কাজ করে আলাদা সংসার চালায়। আজ দুপুরের দিকে ভর্তা খেতে মামা কিতাব আলী খলিফার লাউ গাছ থেকে পাতা ছেঁড়েন তার প্রতিবন্ধী মা। এতে ক্ষিপ্ত হয়ে তার মাকে কাঠের লাকড়ি দিয়ে পিটাতে থাকেন মামা। এ সময় এগিয়ে এলে নানিসহ তাকেও কিতাব আলী লাকড়ি দিয়ে বেদম পিটিয়ে আহত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর খবর পেয়ে পুলিশ এলে এ ঘটনায় তার নানি লিখিত অভিযোগ করেন বলেও জানায় আলম।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে পুলিশ কথা বলেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ