কাগজপত্র দেখতে চাওয়ায় টিএসআইকে মারধর
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালে টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) মো. মফিজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত ডিউটির অংশ হিসেবে যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অতর্কিতভাবে টিএসআই মফিজ উদ্দিনের মুখে উপর্যুপরি আঘাত করেন। ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় জনতা ট্রাকচালক আকবরকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
হামলার শিকার টিএসআই মো. মফিজ উদ্দিন বলেন, আমি বাসস্ট্যান্ডে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি থামালে চালক কোনো কিছু না বুঝেই হঠাৎ করে আমার ওপর হামলা চালায়।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় চালক আকবরকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)