যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানে মুজিব (৫০) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুজিব ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মুজিবের ছেলে। তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ইফতারের পর অলিমিয়ার হাট এলাকার একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মুজিব। একপর্যায়ে তিনি দোকান থেকে বেরিয়ে সড়কের দিকে কিছুটা এগোলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার কপাল, বুক ও পেটে কয়েকটি গুলি লাগে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মো. আনোয়ার হোসেন বলেন, আমার ভাই যুবদলের কর্মী ছিলেন। তিনি রাউজান থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। আওয়ামী লীগের ১৭ বছরে আমার ভাইয়ের ওপর দুবার হামলা করা হয়েছিল। সেসময় তিনি বেঁচে যান। এবার আর তাকে বাঁচতে দিলো না।
এ বিষয়ে রাউজান উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল বলেন, নিহত মুজিব আমার খালাতো ভাই। মূলত দুর্বৃত্তরা আমাকে মারতে এসেছিল, কিন্তু তারা আমার ভাইকে মেরে চলে যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই।
এ বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টিবলু কান্তি দে বলেন, হাসপাতালে আনার আগেই মুজিবের মৃত্যু হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)