গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার মানিকগঞ্জে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানববন্ধন ও সমাবেশ করেছে। দুপুর ১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহরের শহীদ রফিক সড়কে সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সেখানেই সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে সিপিবির জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান হযরত, প্রবীণ কৃষক নেতা কমরেড দুলাল বিশ্বাস, উদীচী শিল্পগোষ্ঠীর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আরশেদ আলী মাস্টার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম আর লিটন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের বাড়তি মূল্য বাতিল করাসহ সব ধরনের দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।
বক্তারা বলেন, কুইক রেন্টালের নামে বিদেশ থেকে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ আমদানি করে, ভুলনীতি গ্রহণের দায়ভার জনগণ নেবে না। ভর্তুকির কথা বলে জনগণের পকেট চুরি করে জ্বালানির মূল্য বৃদ্ধি বন্ধ করার দাবিও করেন বক্তারা।
গত ২৭ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও গ্যাসের দাম যথাক্রমে ২ দশমিক ৯৩ শতাংশ ও ২৬ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেয়। তবে, সেচ ও লাইফ লাইন (৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) বিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। এই সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে বিইআরসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ