সাতক্ষীরা সীমান্তে ‘বিএসএফের কোপে যুবকের মৃত্যু’
সাতক্ষীরার কুশখালি সীমান্তের পাশে ভারতের পাতড়াখোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দায়ের কোপে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানলেও নিশ্চিত করতে পারেনি।
মৃত্যুর গুঞ্জন ছড়িয়েপড়া ওই ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৫)। তিনি বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি গ্রামের বাসিন্দা। এ ঘটনা শোনার পরই পুলিশ ও বিজিবি মুকুলের লাশ খুঁজছে।
এদিকে, মুকুল হোসেনের সঙ্গী একই গ্রামের আলী হোসেন তাঁর নিহত হওয়ার খবর প্রচার করেই গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। অবৈধভাবে ভারতের যাওয়ার অপরাধে গ্রেপ্তার এড়াতে তিনি লুকিয়ে রয়েছেন বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
আলী হোসেনের বরাত দিয়ে উপজেলার কুশখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল গনি জানান, মুকুলের সঙ্গে আলী হোসেন শনিবার ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় বিএসএফের দুবলি ক্যাম্প সদস্যরা তাঁদের ওপর হামলা করেন। বিএসএফের দায়ের কোপে মুকুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাঁর লাশ বাংলাদেশ সীমান্তের কাছে ফেলে রাখা হয়েছে। তিনি আরো জানান, এ খবর দেওয়ার পর পরই আলী হোসেনকে আর পাওয়া যাচ্ছে না।
কুশখালি ইউপি চেয়ারম্যান আবু রায়হান বিশ্বাস জানান, এ খবর পাওয়ার পর তিনিও চারদিকে খোঁজাখুঁজি করছেন। আজ দুপুর দেড়টা পর্যন্ত মুকুলের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিজিবির কুশখালি বিওপির নায়েক সুবেদার বিল্লাল হোসেন জানান, খবরটি তিনিও শুনেছেন। কিন্তু এখন পর্যন্ত তার সত্যতা নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থল কুশখালি থেকে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, তিনি ও বিজিবি সদস্যরাও একসাথে লাশ খুঁজছেন। কিন্তু এখনো বিষয়টি সত্য কি না, তা নিশ্চিত করা যায়নি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা