পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট, মামা-ভাগ্নের মৃত্যু
জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কালাইয়ের পুনট ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন জাহাঙ্গীর হোসেন (২৩) ও তাঁর ভাগ্নে শাকিব হাসান (১২)। জাহাঙ্গীর শান্তিনগর গ্রামের জনাব আলী ও শাকিব হাসান জহুরুল ইসলামের ছেলে। জাহাঙ্গীর কৃষিকাজ করতেন। শাকিব স্থানীয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
এ ঘটনায় ওই পুকুর দেনাশোনার দায়িত্বে থাকা (কেয়ারটেকার) স্বপনকে আটক করেছে কালাই থানার পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মণ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শান্তিনগর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, আজ ভোরে গ্রামের নিজ বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর ও শাকিল। তাঁরা গ্রামে এক প্রতিবেশীর কবর জিয়ারত শেষে তবারক নিয়ে ফিরছিলেন। গ্রামের একটি পুকুরের পাশ দিয়ে আসার সময় পানিতে মাছ ভাসতে দেখেন। তাঁরা পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

গ্রামের লোকজন এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে।
তবে মৃত্যুর কারণ সম্পর্কে গ্রামের কেউ কেউ বলছেন, তাঁরা কবর জিয়ারতের তবারক খেয়ে হাত-মুখ ধুতে ওই পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ছাড়া ওই পুকুরে তাদের ব্যবহৃত টুথব্রাশ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন নামের এক ব্যক্তি তিন বছরের জন্য ইজারা নিয়ে ওই পুকুরে মাছের চাষ করছিলেন। ওই পুকুর থেকে রাতে যাতে কেউ মাছ চুরি করতে না পারে সে কারণে চারপাশে অবৈধভাবে জিআই বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে পানিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। এ ঘটনায় পুলিশ পুকুরের কেয়ারটেকার স্বপনকে আটক এবং সব জিআই তার জব্দ করেছে।
এ ঘটনায় নিহত শাকিবের বাবা জহুরুল ইসলাম দুপুরে কালাই থানায় মামলা করেন। এতে পুকুরের ইজারা নেওয়া মৎস্যজীবী শাহীন, পুকুরের পাহারাদার ও কেয়ারটেকারকে আসামি করা হয়েছে।

ওই পুকুরের কাছেই শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় ও বোরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরাও দুর্ঘটনার শিকার হতে পারত।
এদিকে পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর শুনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক অমল কুমার ঘোষ ও কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নেছা স্বপ্না ঘটনাস্থল পরিদর্শন করেন। রহস্য উদঘাটনে পল্লী বিদ্যুৎ সমিতি একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট