মধুমেলায় ৯ জুয়াড়ির কারাদণ্ড
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির মধুমেলার মাঠ থেকে নয় জুয়াড়িকে আটক করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার মধুমেলার দ্বিতীয় দিন এ ঘটনা ঘটে।
মধুমঞ্চে মধুসূদনের ওপর বিষয়ভিত্তিক আলোচনা চলার সময় কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির পুলিশ নিয়ে জুয়াড়িদের আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কেশবপুর থানায় হস্তান্তর করেন।
এদের মধ্যে তিন জুয়াড়ির নাম জানা গেছে। এঁরা হলেন খুলনার মোহাম্মদ আলী, পিরোজপুরের রফিকুল ইসলাম এবং মুন্সীগঞ্জের মিন্টু শেখ।
ইউএনও শরীফ রায়হান কবির এনটিভি অনলাইনকে জানান, মিনি লটারি চালানোর দায়ে তাঁদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।
এর আগে মধুমেলার উদ্বোধনী দিন গতকাল শনিবার বিকেলে অশ্লীল নৃত্য প্রদর্শনের জন্য তৈরি ২৬টি প্যান্ডেল উচ্ছেদ করেন যশোর জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবির।

আশরাফ-উজ-জামান খান, কেশবপুর