২০ দল নেতা ড. কাদেরের গ্রেপ্তারে বিএনপির মহাসচিবের তীব্র প্রতিবাদ
২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গতকাল গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্ককণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এরই ধারাবহিকতায় ২০ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সারা দেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। দেশ পরিচালনা ও করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ করোনা পরিস্থিতি ও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নেই। তারা ফ্যাসিবাদী কায়দায় জনঅধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজ তারা প্রমাণ করেছে যে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আর সঠিক তদন্ত কিংবা অনুসন্ধানের প্রয়োজন নেই, বরং বর্তমান সরকার ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেই সব রকমের দুর্নীতি-দুরাচার থেকে দায়মুক্তি পাওয়া যাবে।’
অবিলম্বে ২০ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও গ্রেপ্তার অভিযান বন্ধের জোর দাবি জানান বিএনপির এই মহাসচিব।
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁও থেকে ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা