মুন্সীগঞ্জকে লকডাউন ঘোষণা
রাজধানীর কাছাকাছি জেলা মুন্সীগঞ্জকে আজ শনিবার থেকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামন তালুকদার। ১০ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসন থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে।
মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর এবং শ্রীনগরের ছনবাড়ি পয়েন্ট দিয়ে জেলায় শুধু জরুরি যানবাহন ঢুকতে পারবে। এছাড়া নৌপথসহ সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে গজারিয়ার মেঘনা মোহনায় নৌযান দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে নৌ-পুলিশ।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘গত চারদিন ধরেই মুন্সীগঞ্জ একরকম লকডাউন হলেও পুরো জেলায় ইউনিয়ন থেকে ইউনিয়নের যোগাযোগও বন্ধ রাখা হয়েছিল। আর ১০ করোনা রোগী সনাক্ত হওয়ার পরে জেলার সকলের নিরাপত্তার স্বার্থে পুরো জেলাই লকডাউন ঘোষণা করা হলো।’
তিনি বলেন, ‘গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন স্বাস্থ্যকর্মী সংক্রমিত হওয়ায় সেখানকার স্বাস্থ্যসেবা খুবই সীমিত হয়ে গেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এখনকার স্বাস্থ্যসেবা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে। এখন সবার প্রতি অনুরোধ সবাই ঘরে থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষা করি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ