ফরিদপুরে দিনদুপুরে পেট্রলপাম্পে ডাকাতি, ভাঙচুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মহিলা রোডে অবস্থিত মেসার্স তোফাজউদ্দীন ফিলিং স্টেশনে দিনদুপুরে ডাকাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২২ অস্ত্রধারী লোক মেসার্স তোফাজউদ্দীন ফিলিং স্টেশনের অফিসকক্ষে প্রবেশ করে। অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করে দুই লাখ ৯৪৮ টাকা নিয়ে যায়। এ সময় তারা অফিসের জানালার কাচ, চেয়ার ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। হামলায় ফিলিং স্টেশনের কর্মচারী সুজন আহত হন।
ফিলিং স্টেশনের মালিক মীর জামাল হোসেন বলেন, ডাকাতরা দুই লাখ ৯৪৮ টাকা নিয়ে গেছে, অফিস ভাঙচুর করেছে। সব মিলিয়ে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সিসি ক্যামেরা ভেঙে ফেলার আগপর্যন্ত ডাকাতির দৃশ্য ধারণ করা আছে। ডাকাতদের মধ্যে কিছু লোক চেনা গেছে। ঘটনাস্থলে পুলিশ এসেছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সঞ্জিব দাস, ফরিদপুর