নড়াইলে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত
নড়াইলের লোহাগড়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত শিশু নয়নের মরদেহ। ছবি : এনটিভি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নয়ন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালকসহ আরো দুইজন আহত হন। আজ রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন শেখ উপজেলার কুমড়ি গ্রামের রহমান শেখের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে মোটরসাইকেলে শিশু নয়ন শেখ, মিরাজ মোল্লা ও সাদিয়ার রহমান উপজেলার দিঘলিয়া বাজার থেকে খালচরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা তিন চাকার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এতে মোটরসাইকেলের চালক ও আরো এক আরোহী আহত হন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ট্রলি ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।’

এম. মুনীর চৌধুরী, নড়াইল