ফুলবাড়ীতে ট্রাক-ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ২
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের ভ্যানচালক আইনুল হক (৫৩) ও বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আইনুল হকের ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে রুনা খাতুনসহ আরও তিনজন কর্মস্থলে যাচ্ছিলেন। ভ্যানটি ভিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আইনুল হক ও যাত্রী রুনা খাতুন প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত অপর দুইজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকে সক্ষম হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফারুক হোসেন, দিনাজপুর