এফ আর টাওয়ার : রাজউক প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ
এফ আর টাওয়ার নির্মাণে নকশা জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে আগাম জামিন দেননি হাইকোর্ট। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামি পক্ষে শুনানি করেন মো. কামরুল ইসলাম।
মামলার বিবরণে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬-এর বিধিবিধান লঙ্ঘন করে, বনানীর এফ আর টাওয়ার ভবন নির্মাণে ১৫ তলার স্থলে ১৮ তলা ভবনের নকশা অনুমোদন করে। এ ঘটনায় এফ আর টাওয়ার নির্মাণ করায় দুদকের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক পাঁচজনকে আসামি করে গত ২৫ জুন মামলা দায়ের করেন।
এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু ও ৭৩ জন পঙ্গু হয়। এই মামলায় অন্য আসামিরা হলেন ইজারাগ্রহীতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেম ও রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক