ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে অস্ত্র, গুলিসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাত ৯টায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. জয়নাল আবেদীন প্রকাশ নদবীর (৩৬)। গতকাল রাতেই তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, জয়নাল নিজে অস্ত্র রেখে আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান হাকিমের বাড়িতে অস্ত্র ও মাদক রয়েছে মর্মে র্যাব ক্যাম্পে খবর দেন। পরে ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়ি থেকে একটি ওয়ানশুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে র্যাবের সন্দেহ হলে সংবাদদাতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে নিজেই অস্ত্র রেখে ইউপি সদস্যকে ফাঁসানোর চেষ্টা করার বিষয়টি স্বীকার করেন তিনি। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় র্যাবের ডিএডি মো. শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম