স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহের অপরাধে ২ কর্মকর্তা গ্রেপ্তার
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘সমতা ট্রেডার্স’র দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া এলাকার বাসিন্দা ও সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এ.এফ.এম আহসানুল হাবিব (৫১) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকার বাসিন্দা মো. নুরুজ্জামান (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মাদারীপুর সদর থানায় দায়ের করা একটি মামলার তদন্তের ভিত্তিতে এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে ও ভুক্তভোগীদের সাক্ষ্যের ভিত্তিতে জানা গেছে, স্কুল ফিডিং প্রকল্পের খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে তারা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন এবং নিম্নমানের খাদ্য সরবরাহে তাদের অবহেলা ও দায়িত্বের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, স্কুল শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার স্বার্থে প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং এর সাথে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর