বর্ষার সুরে বাংলা-ফরাসি কবিতার মেলবন্ধন
বর্ষা কখনো প্রেমের আবেশ, কখনো বিরহের দীর্ঘশ্বাস। কখনো পুরোনো স্মৃতির দরজা খুলে দেয়, আবার কখনো মনে ছড়িয়ে দেয় বিষণ্নতার আবহ। বৃষ্টি ও বর্ষাকে ঘিরে মানুষের এমন বহুরূপী অনুভূতি কবিতা, গান ও সাহিত্যপাঠের মধ্য দিয়ে তুলে ধরা হলো আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পোয়েটিক ইকোজ উইথ মনসুন মেলোডিজ’-এ।
শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে বাংলা ও ফরাসি সাহিত্য-সংগীতের দুই ভিন্ন জগত মিলিত হয় বর্ষার অভিন্ন অনুভূতির সূত্রে। কবিতা, গান ও সাহিত্যপাঠের মধ্য দিয়ে প্রকৃতি, বৃষ্টি এবং মানুষের অন্তর্জগতের নানা আবেগ ফুটিয়ে তোলা হয়।
আয়োজনে বাংলা সাহিত্য ও সংগীতের পাঁচ বরেণ্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের নির্বাচিত কবিতা ও গান পরিবেশিত হয়। পাশাপাশি ফরাসি সাহিত্যের তিন বিশিষ্ট কবি শার্ল বোদলেয়ার, ভিক্টর হুগো ও পল ভেরল্যেনের কবিতার মধ্য দিয়ে প্রকৃতি, বর্ষা ও মানবমনের ভিন্ন ভিন্ন অনুভূতি তুলে ধরা হয়।
শার্ল বোদলেয়ারের কবিতায় নগরজীবন, সৌন্দর্য, বিষণ্নতা ও মানুষের অন্তর্জগতের সূক্ষ্ম মেলবন্ধন থেকে উঠে আসে বৃষ্টির এক আলাদা অনুভব। বাংলা পর্বে রজনীকান্ত সেনের গান, কাজী নজরুল ইসলামের ছোটগল্প ‘বাদল বরিষণে’র অংশবিশেষ এবং অতুলপ্রসাদ সেনের কবিতা ও গানের পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে আবেগের ভিন্ন মাত্রা।
এরপর ফরাসি কবি ভিক্টর হুগোর কবিতায় প্রকৃতি ও মানবিক অনুভূতির সম্পর্ক নতুনভাবে প্রতিফলিত হয়। দ্বিজেন্দ্রলাল রায়ের গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানের মধ্য দিয়ে বর্ষার আরও উজ্জ্বল, প্রাণবন্ত ও উৎসবমুখর রূপ ফুটে ওঠে।
অনুষ্ঠানের শেষভাগে পল ভেরল্যেনের দুটি কবিতা একত্রে বিশেষ কাব্য-সংমিশ্রণ হিসেবে পরিবেশিত হয়। সবশেষে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক সন্ধ্যাটি।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কাব্য কুহুকের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফারহানা তৃনা। সংগীত পরিবেশন করেন সামিয়া আহসান।
বাংলা ও ফরাসি সাহিত্য-সংগীতের এই সম্মিলিত আয়োজনে বর্ষা ধরা দেয় তার বহুরূপী সত্তায়—কখনো প্রেম ও আনন্দে, কখনো স্মৃতি ও বিরহে, আবার কখনো নিঃশব্দ বিষণ্নতায়। দুই ভাষা ও সংস্কৃতির শিল্পভাষা মিলিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে বর্ষার আবেগকে নতুনভাবে অনুভব করার এক বিশেষ আয়োজন।

এনটিভি অনলাইন ডেস্ক