মো. সাখাওয়াৎ হোসেনের শিক্ষাবিষয়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শিক্ষাবিষয়ক এক প্রকাশনা অনুষ্ঠান। এ আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন রচিত একাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
রোববার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শিক্ষা ও গবেষণাভিত্তিক স্বেচ্ছাসেবী এবং অলাভজনক প্রতিষ্ঠান ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি)-এর উদ্যোগে এ প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফইটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুনিরুল ইসলাম।
অনুষ্ঠানে মো. সাখাওয়াৎ হোসেন রচিত ‘আনন্দময় শিক্ষা’, ‘খেলার মাধ্যমে শিক্ষা’, ‘হ্যাপি স্কুল’, ‘শিক্ষা ও উন্নয়ন: বৈশ্বিক উদ্যোগ’, ‘মানসম্মত শিক্ষা’ এবং ‘ইনক্লুসিভ এডুকেশন’ গ্রন্থের পাশাপাশি ‘ইংরেজি সাহিত্যের ইতিহাস’-এর আট খণ্ডেরও প্রকাশনা করা হয়।
অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থগুলোর বিষয়বস্তু, সমকালীন প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়নে এসব বইয়ের সম্ভাব্য ভূমিকা নিয়ে বক্তব্য দেন গ্রন্থগুলোর লেখক মো. সাখাওয়াৎ হোসেন। তিনি শিক্ষাব্যবস্থায় গবেষণা, উদ্ভাবন, শিক্ষকের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, গবেষক, শিক্ষক, সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার মানোন্নয়নে গবেষণানির্ভর প্রকাশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।
আয়োজকদের মতে, প্রকাশিত গ্রন্থগুলো শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষা প্রশাসন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা গবেষণা এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষার গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং নীতিনির্ধারকদের জন্য বইগুলো গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে বিবেচিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এনটিভি অনলাইন ডেস্ক