কলকাতায় ‘রবীন্দ্র রত্ন পুরস্কার’ পাচ্ছেন বাংলাদেশের তুলতুল
দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুল ভারতের মর্যাদাপূর্ণ ‘রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬’ এর জন্য মনোনীত হয়েছেন। ভারতের বিখ্যাত সংগঠন মহাবঙ্গ সাহিত্য পরিষদ আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবে উপন্যাসে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
শাম্মী তুলতুল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য অঙ্গনে সুপরিচিত নাম। বাংলাদেশের শীর্ষ সারির জাতীয় দৈনিকের পাশাপাশি কলকাতার বিভিন্ন পত্র-পত্রিকাতেও তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালে কলকাতা বইমেলায় প্রকাশিত তাঁর গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ ওপার বাংলায় ব্যাপক পাঠকপ্রিয়তা পায়, যা বর্তমানে ভারতের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে।
সাহিত্য জগতে তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার এবং ভারতের সম্মানজনক দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের মতো অসংখ্য আন্তর্জাতিক পদক। সম্পতি তাঁর লেখা গল্প ভারতের গবেষণার কাজেও অন্তর্ভুক্ত হয়েছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শাম্মী তুলতুল বলেন, "রবীন্দ্র রত্ন পুরস্কার আমার সাহিত্য জীবনে এক নতুন মাত্রা যোগ করল। বিশ্বকবি আমাদের চিরকালের প্রেরণা। তাঁর নামাঙ্কিত এই সম্মাননার জন্য আমি মহাবঙ্গ সাহিত্য পরিষদ ও মহাবঙ্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ।"
তিনি আরও জানান, কলকাতা থেকে তাঁর নতুন বই প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে, যার আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই আসবে।
আগামী ১২ মে বেলা ১২টায় কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরো অনুষ্ঠানটি মন্দিরা শীট ও জয়দেব ভট্টাচার্যের সার্বিক পরিচালনায় সম্পন্ন হবে।

ফিচার ডেস্ক