‘নিজেকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের রক্ত ও অর্থ ব্যবহার করছেন নেতানিয়াহু’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জীবন ও সম্পদের বিনিময়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন বলে অভিযোগ এনেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাঘচি নেতানিয়াহুকে ‘আরব, যুক্তরাষ্ট্র ও ইরানিদের রক্তে রঞ্জিত একজন আন্তর্জাতিক পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন।
আরাঘচি বলেন, বিচার এড়ানোর চরম প্রচেষ্টায় নেতানিয়াহু নিজের দেশের মানুষের পরোয়াও করছেন না।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একজন দেউলিয়া জুয়াড়ির মতো সে যুক্তরাষ্ট্রের আরও রক্ত ও অর্থ বিসর্জন দিয়ে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। এমনকি মার্কিন সিনেটররাও এখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান।
উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনে নেতানিয়াহুকে অত্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক