বায়ুদূষণে বিপর্যস্ত মালয়েশিয়া, একাধিক রাজ্যে স্কুল বন্ধ
প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল থেকে সৃষ্ট বায়ুদূষণের (ধোঁয়াশা) কারণে মালয়েশিয়ার কয়েকটি রাজ্য এবং প্রশাসনিক অঞ্চলে সব শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক। খবর রয়টার্সের।
শিক্ষামন্ত্রী জানান, মালয়েশীয় উপদ্বীপের জহোর, মালাক্কা, নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গোর রাজ্য ছাড়াও দেশটির রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রাজায়ার সমস্ত স্কুল শুক্রবার (৯ অক্টোবর) বন্ধ থাকবে। এ ছাড়া পাহাং রাজ্যের রোম্পিন জেলাতেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি সব রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা অফিসকে ধোঁয়াশা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।
মালয়েশিয়ার এয়ার পলিউশন ইনডেক্স (এপিআই) অনুযায়ী বাতাসের মান ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। সরকারি তথ্যানুযায়ী, আজ শুক্রবার সকালে দেশটির ৩৭টি অঞ্চলে বাতাসের গুণমান ‘অস্বাস্থ্যকর’ স্তরে রেকর্ড করা হয়েছে।
মূলত ইন্দোনেশিয়ার কয়েকটি প্রদেশে সৃষ্টি হওয়া দাবানল নিয়ন্ত্রণে দেশটির কর্তৃপক্ষ হিমশিম খাওয়ায় এই ঘন ধোঁয়াশা মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই ধোঁয়াশা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছেন। মালয়েশিয়া এতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আনোয়ার ইব্রাহিম আরও জানান, তিনি আঞ্চলিক সংস্থা আসিয়ানের মন্ত্রী পর্যায়ের একটি জরুরি বৈঠক আহ্বান করতে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। যাতে করে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ইন্দোনেশিয়ার এই সংকট দ্রুত নিরসন করা যায়।

এনটিভি অনলাইন ডেস্ক