বিষাক্ত মদ পানে ৪৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮২
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্ডো রাজ্যে বিষাক্ত মদ পানে কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৮২ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওন্ডো রাজ্যে স্বাস্থ্য কমিশনার বানজি আজাকার এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।
স্বাস্থ্য কমিশনার বানজি আজাকা জানান, গত ৫ সেপ্টেম্বর প্রথম এই বিষাক্ত মদের বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। প্রথম সপ্তাহে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও শুক্রবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে পৌঁছায়। প্রাথমিকভাবে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ‘মংকি টেইল’ নামক দেশীয় মদে বিষাক্ত মিথানল মিশে থাকায় এই বিপুল প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ওন্ডো রাজ্যের ওডিগবো ও ইরেলে জেলার দুটি সামাজিক অনুষ্ঠানে পরিবেশন করা স্থানীয় মদ পানের পর থেকেই অতিথিরা অসুস্থ হতে শুরু করেন। আক্রান্তদের মধ্যে তীব্র মাথাব্যথা, শরীর ব্যথা, শ্বাসকষ্ট, চেতনা হারিয়ে ফেলা এবং দৃষ্টিশক্তি হারানোর মতো মারাত্মক উপসর্গ দেখা দিয়েছে। বিষাক্ত এই মদ দ্রুত কিডনি ও মস্তিষ্ক অচল করে ফেলে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ঘটনার তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে কাজ শুরু করেছে। এ ছাড়া বেআইনিভাবে এই বিষাক্ত অ্যালকোহল তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে এক প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক