ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর : চীন কি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালেই দ্বিতীয়বারের মতো বেইজিং সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) বেইজিংয়ে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সেপ্টেম্বরের শেষের দিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্ধারিত বৈঠকের ঠিক আগেই এই কূটনৈতিক তৎপরতা শুরু হতে যাচ্ছে। খবর আল জাজিরার।
গত মে মাসের পর এটি আরাঘচির দ্বিতীয় বেইজিং সফর, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনের সম্ভাব্য ‘শান্তির মধ্যস্থতাকারী’ ভূমিকার আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে।
সম্প্রতি নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে শি জিনপিং সদস্য দেশগুলোকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার আহ্বান জানান ও চার দফা শান্তির রূপরেখা তুলে ধরেন। সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ শি-র এই পদক্ষকে ‘গঠনমূলক’ অ্যাখ্যা দিলেও তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক হামিদ ওয়াফায়েই মনে করেন, একে সরাসরি ওয়াশিংটন-তেহরানের মধ্যস্থতার প্রস্তাব হিসেবে দেখাটা বাস্তবসম্মত নয়।
চলমান রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলো এই সফরে গুরুত্ব পাবে। জাতিসংঘে আইএইএ বোর্ড ইরানকে নিরাপত্তা পরিষদে হস্তান্তরের প্রক্রিয়া এগোলেও চীন ও রাশিয়ার সম্ভাব্য ভেটোর কারণে কোনো নতুন জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হওয়া কঠিন।
অপরদিকে যুক্তরাষ্ট্র নিজস্ব ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কর্মসূচির অধীনে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক ও নৌ-অবরোধ বহাল রেখেছে, যা চীনের সঙ্গে ইরানের বাণিজ্যকেও ক্ষতিগ্রস্ত করছে। তা সত্ত্বেও বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে চীন মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ইরানি অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে।
সম্প্রতি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আগে চীন থেকে উচ্চ-রেজ্যুলেশনের স্যাটেলাইট ছবি সংগ্রহের বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোয়েন্দা নজরদারির বিষটিকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করে ঘটনাটিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন।
সামগ্রিক পরিস্থিতিতে বেইজিং কতটুকু সফল মধ্যস্থতাকারী হতে পারবে, তা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের ওপর নির্ভর করছে।

এনটিভি অনলাইন ডেস্ক